প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের পর মা মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন। রবিবার (১৮ জুন) বেলা সোয়া ২টার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আঁখির ভাই মো. শামীম আঁখির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, আঁখি ৮ দিন ধরে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল। আজ দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. সংযুক্তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নরমাল ডেলিভারির তথ্য পেয়ে ৯ জুন কুমিল্লা থেকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন আঁখি। কিন্তু যে চিকিৎসকের অধীনে তার চিকিৎসার কথা ছিল, সিজারিয়ান অপারেশন প্রয়োজন হলেও তিনি সেটি করেননি। এমনকি তার প্রসব ব্যথার সময় ওই চিকিৎসক হাসপাতালে উপস্থিত না থাকলেও আঁখির স্বামীকে জানানো হয় তিনি অপারেশন থিয়েটারেই রয়েছেন।
পরে অন্য চিকিৎসক চিকিৎসা দিলেও আঁখির সন্তান মারা যায়। আঁখির অবস্থাও গুরুতর হয়। সংকটাপন্ন অবস্থায় সেন্ট্রাল হাসপাতাল থেকে নিয়ে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় আঁখিকে।
এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী বাদী হয়ে ধানমন্ডি থানায় ভুল চিকিৎসা ও প্রতারণার অভিযোগে সেন্ট্রাল হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও কর্তৃপক্ষের নামে মামলা করেন।


