Homeএই মুহুর্তেবিদেশিদের হাত-পা না ধরে জনগণের কাছে যান, বিএনপিকে তথ্যমন্ত্রী

বিদেশিদের হাত-পা না ধরে জনগণের কাছে যান, বিএনপিকে তথ্যমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বিদেশিদের দ্বারে না ঘুরে জনসম্পৃক্ততা বাড়িয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের ফখরুল জানিয়েছেন, ‘নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

ফখরুলের এমন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘নালিশ তারা করতে পারে। বিএনপির প্রতি অনুরোধ থাকবে—নালিশ জনগণের কাছে করার জন্য, বিদেশিদের হাতে-পায়ে না ধরার জন্য। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্র জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও যুক্তরাজ্যে যেভাবে নির্বাচন হয়; সেখানে যে সরকার ক্ষমতায় থাকে তারাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে, আমাদের দেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘দেশের মালিক জনগণ। রাষ্ট্রক্ষমতায় কারা যাবে, সেটি নির্ধারণ করার মালিক জনগণ। বিএনপির যদি কোনো নালিশ থাকে, তা দিতে হবে জনগণের কাছে, বিদেশিদের কাছে নয়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রের মূল বিষয় হলো জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে কি না। বিএনপি অংশগ্রহণ করলে আমরা অবশ্যই স্বাগত জানাই। তবে তারা যদি নাও আসে, আগামী নির্বাচনে জনগণ থাকবে।’

তিনি বলেন, ‘বিএনপি সিটি করপোরেশন নির্বাচনগুলো বর্জন করেছিল। তাদের দলীয় কর্মী-সমর্থকদের ও জনগণকেও বর্জন করার, ভোটকেন্দ্রে না যেতে বলেছিল। তাদের এত প্রচারণার মধ্যেও গড়ে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সুতরাং আগামী নির্বাচনেও জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে।’

‘সরকার পতনে এক দফা আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হবে’ মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের দেওয়া এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হয়েছিলেন। চট্টগ্রাম খুব তাৎপর্যপূর্ণ। তারা তো মাঝেমধ্যেই এক দফার আন্দোলনের ঘোষণা দেন। এক দফা আন্দোলন চট্টগ্রামেই মারা যায় কি না, সেটিই দেখার বিষয়।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই। ২০১৩-১৪-১৫ সালে বিএনপি আন্দোলনের নামে যে সহিংসতা করেছে, সেটি আমরা সামাল দিয়েছি। সেটি করার সামর্থ্য বিএনপির এখন নেই। ভূ-রাজনীতির কারণেও এ ধরনের কিছু তাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা জানি কখন কী করতে হবে।’

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। চলতি মাসে দেশটির পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলও আসার কথা। এ নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আগমন তাদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার বার্তাই বহন করে। এই আগমনকে আমরা স্বাগত জানাই। যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এসেছেন এবং সহসাই আরও বেশ কয়েকজন আসবেন।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। তাদের সঙ্গে আমাদের নিরাপত্তাসংক্রান্ত সহযোগিতা রয়েছে। বিশ্বাঙ্গনেও বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করি। বাংলাদেশের উন্নয়নেও যুক্তরাষ্ট্র বিরাট ভূমিকা রাখছে।’

এর আগে হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রকাশিত ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি : সংবাদপত্রে প্রতিফলন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, পরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, গ্রন্থকার গবেষক পপি দেবী থাপা প্রমুখ মোড়ক উন্মোচনে অংশ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়