কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণ
প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে নোঙর করা ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে যে ১২ জেলে দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে ১০ জনেরই শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাকি দুজনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই ট্রলারে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ জেলেরা হলেন আইয়ুব, দীল মোহাম্মদ, রফিক, মনির, শফিকুল, আরমান, রহিম, রহিমুল্লাহ, শাহিন, ওসমান, আলী আকবর ও দুলাল মাঝি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘাটে নোঙর করা অবস্থায় ফিশিং ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে ১০ জনকে চট্টগ্রাম পাঠানো হয়। অন্য দুজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অবস্থায় সিলিন্ডার বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, আহত সবাই মো. সেলিমের মালিকানাধীন দুলাল মাঝির ফিশিং ট্রলারের জেলে। তারা কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ড কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।


