প্রাইম ভিশন ডেস্ক »
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে বেড়াতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণের খবর পাওয়া গেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
দ্বীপিতা চাকমা লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত বলে জানা গেছে। তিনি রোকেয়া হলের আবাসিক ছাত্রী। দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রতিদিনের বাংলাদেশকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্বীপিতা তার কয়েকজন বন্ধুকে নিয়ে পর্যটকবাহী গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে তাদের গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে দ্বীপিতাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। কী কারণে তাকে অপহরণ করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
দ্বীপিতাকে উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের চারদিকে অভিযান তৎপরতা শুরু করেছে বলেও জানান পুলিশ সুপার।


