Homeএই মুহুর্তেভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি

ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে পুলিশের ইমেজের সংকট হবে না বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা না দেওয়ার কথা জানায় দেশটি।

ওই ঘোষণার প্রায় চার মাস পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ শুরুর ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানে দায়ী ও জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য রয়েছেন।

সোমবার যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভিসা নীতিতে পুলিশের ইমেজকে সংকটে ফেলবে না বলে আমি মনে করছি।

তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীল মারা যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এমন কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। আইন-শৃঙ্খলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে। যেকোনো ঘটনা যখনই সংঘটিত হচ্ছে, সে বিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগেও নিয়েছি এখনও নিচ্ছি। সবাইকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন অপরাধে পুলিশ সদস্যদের জড়িয়ে পড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমাদের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকেও আমরা ছাড় দেই না। কোনো ঘটনা সংগঠিত হলে আমরা তদন্ত কমিটি করে ব্যবস্থা নিচ্ছি।’

দ্বাদশ সংসদ নির্বাচনের সময় পুলিশ ইসির নির্দেশনায় কাজ করবে জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনকালীন পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করবে।’

এর আগে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান। ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন-টোয়াবের প্রেসিডেন্ট শিবনুল আজম কোরেশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান সন্তোষ কুমারসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়