প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের বন্দর টিলা ও দক্ষিণ হালিশহরে কলেরা টিকার দ্বিতীয় ডোজ আগামী ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর প্রদান করা হবে। প্রথম ডোজ টিকা সেন্টারগুলোতে ৮ থেকে ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
শনিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর থানার অধীনে ৩৮ এবং ৩৯ নম্বর ওয়ার্ড (বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর)-এ বসবাসকারীদের যারা সেপ্টেম্বর মাসে প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন তাদের টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। এলাকাবাসী যেসব কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ নিয়েছেন, সেসব কেন্দ্র থেকেই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। টিকা প্রদান আগামী ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকনে।
এতে আরও বলা হয়, গত মাসে মোট এক লাখ ৩৫ হাজার ৩২৩ জন ব্যক্তি টিকার প্রথম ডোজ পেয়েছেন, শুধু তারাই টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য যোগ্য। এসব ব্যক্তির মধ্যে, পাঁচ বছরের কম বয়সী ১৫ হাজার ৫৭ জন ছেলে শিশু এবং ১৪ হাজার ৫৮২ জন মেয়ে শিশু ছাড়াও পাঁচ বছরের বেশি ৫২ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৫২ হাজার ৮০৭ জন মহিলা প্রথম ডোজের টিকা পেয়েছেন।
দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো লিমিটেডের তৈরি দুই ডোজের ইউভিকল প্লাস নামের মুখে খাওয়ার কলেরার টিকা এক বছর থেকে তার বেশি বয়সীদের প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি করপোরোশেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপিআই ও আইসিডিডিআর,বি-র বাস্তবায়নে টিকা প্রদান কার্যক্রমটি চলছে। গত ১৭ সেপ্টেম্বর এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।


