Homeএই মুহুর্তে‘হিটম্যান’ রোহিত

‘হিটম্যান’ রোহিত

প্রাইম ভিশন ডেস্ক »

রোহিত শর্মাকে শেষ পর্যন্ত বলতেই হয়েছিল, ‘রান না করলে আমিও হয়ত বাদ পড়ব।’ সমালোচনা ছিল ‘হিটম্যানের ব্যাটে রান নেই’। কথাও উঠেছিল, রান করতে পারছেন না এমন একজনকে দলে রাখা নিয়েও। সেই আলোচনায় আরেকটু ঘি পড়েছিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছু বুঝে ওঠার আগেই ডাগআউটের দিকে হাঁটা ধরেছিলেন রোহিত। হিটম্যান অবশ্য ফিরলেন, রেকর্ড খাতায় কম করে তিনটি বড়সড় কাটাকুটি করালেন এবং নিজেকে ছাপিয়ে নিলেন অনন্য জায়গায়।

সর্বশেষ বিশ্বকাপে ৬৪৮ রান করা রোহিত ৫টি সেঞ্চুরি করে ভেঙেছিলেন এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খুলতে না পারলেও আফগানিস্তানের বিপক্ষে দেখা গেল তাঁর আগুনে রূপ। বলা চলে ‘হিটম্যান শো’। তাতেই রোহিত এখন সবার চেয়ে সেরা। সেটা বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি কিংবা ছক্কার রেকর্ডে অথবা ভারতের হয়ে দ্রুত সেঞ্চুরির তালিকায়ও— রোহিত ফিরেছেন রাজার বেশেই।

জায়গা নিয়ে ওঠা কথার মোক্ষম জবাবটা দেওয়ার পরও রোহিত অবশ্য প্রত্যয়ের কণ্ঠে বলেছেন, ‘থামছি না’। ছক্কার রেকর্ড নিয়ে আলাদা করে কথা বলেছেন হিটম্যান, ‘ক্রিকেট খেলা শুরু করার সময় কখনও ভাবিনি কোনও দিন এত ছয় মারতে পারব। ছয়ের কথা না হয় বাদই দিলাম। সত্যি বলতে এত বছর ধরে অনেক পরিশ্রম করতে হয়েছে। নিজেকে নিয়ে খুশি। তবে আমি এমন একজন মানুষ যে নিজের কাজ নিয়ে কখনও সন্তুষ্ট নয়। যা করছি সেটাই চালিয়ে যেতে চাই। ওটাই আমার ফোকাস। এই রেকর্ড স্রেফ খুশির একটা মুহূর্ত।’

রোহিত শর্মার কাছে স্রেফ খুশির বিষয় হলেও কাজ বাড়িয়ে দিয়েছেন অ্যানালিস্টদের। এক জায়গায় নয়, দিল্লিতে ৮১ বলে ১৩১ রানের তাণ্ডবে বেশকিছু স্যাটসে কাটাকুটি করতে হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে সাতটি সেঞ্চুরি করেছেন রোহিত। ৪৮ বছরের বিশ্বকাপ ইতিহাসে সেখানে আর কেউই নেই। এরআগে রোহিতের সাথে যুগ্মভাবে প্রথমস্থানে ছিলেন শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে কিংবদন্তি শচীনের ৬ টি সেঞ্চুরি এসেছিল ৪৪ ইনিংসে, রোহিত সেই মাইলফলক ছুয়েছেন মাত্র ১৯ ইনিংসে।

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কাতেও রোহিত পেরিয়ে গিয়েছেন ক্রিস গেলকে। বর্তমানে রোহিতের আন্তর্জাতিক ছক্কার সংখ্যা ৫৫৬ টি, গেইলের ৫৫৩ টি। বিশ্বকাপে সব থেকে কম ইনিংসে ১০০০ রানও করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও ১৯ ইনিংসে ১০০০ রান করেছিলেন। শচীন এখানেও পেছনে পড়েছেন রোহিতের। ভারতের ব্যাটিং গ্রেট ২০ ইনিংসে করেছিলেন ১০০০ রান। এত রেকর্ড ভাঙার পরও শচীন অবশ্য অখুশি নন। বরং অপেক্ষা করছেন ভারত-পাকিস্তান ম্যাচের মহারণের।

সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন ম্যাচের পর লেখেন, ‘বুমরাহ এবং রোহিতের দারুণ পারফরম্যান্স দেখলাম। দু’জনে বোলিং এবং ব্যাটিং বিভাগকে সাহায্য করল। ১৪ অক্টোবরের আগে এর থেকে ভাল খবর আর কিছু হয় না। অপেক্ষা করে আছি।’

রোহিত ভেঙেছেন কপিল দেবের ৪০ বছর আগের রেকর্ড। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে দ্রুততম শতরান করছেন। রশিদ খানদের বিপক্ষে দিল্লিতে ৬৩ বলে শতরান করেন রোহিত। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে কপিলের করা ৭২ বলে শতরানের রেকর্ড তাতে ভোঙে। সাবেক অধিনায়কের রেকর্ড ভাঙার পর অবশ্য নিজেকে মাটিতেই রেখেছেন রোহিত। পাকিস্তানের বিপক্ষে মহারণের আগে নিজেদের ঝালিয়েও নিচ্ছেন তবে পাকিস্তানকে আলাদা করে পাত্তা দিচ্ছেন না হিটম্যান, ‘আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচেও সেটাই নেব। আলাদা করে দেখার কিছু নেই। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবতে রাজি নই আমরা। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়