প্রাইম ভিশন ডেস্ক »
আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’র উদ্বোধন করবেন। একই দিন আরও ১৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
ওইদিন সকাল ১০টায় টানেল উদ্বোধনের পর ইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা ও সড়ক পথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২৮ অক্টোবর চট্টগ্রামের কয়েকটি সড়কে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ২৭ অক্টোবর ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রবেশ করতে পারবে না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক।


