প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় একটি তিনতলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে কাজ করছে। ভবনে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।’


