প্রাইম ভিশন ডেস্ক »
ফিক্সিংয়ের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের পক্ষে তার আইনজীবি শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠান। আইনি নোটিশে চারটি বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিকুর রহিম। হাত দিয়ে বল ফিরিয়ে এভাবে আউট হওয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি। সাড়ে ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অভিজ্ঞ ক্রিকেটারের এমন আউট নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সামাজিক যোগাযোগামাধ্যমে হয়েছে ট্রলও।
মুশফিকের আউটের ধরন নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি ‘মিরপুর টেস্টে স্পট ফিক্সিংয়ের গন্ধ, সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে’- শিরোনামে একটি প্রতিবেদন নিজেদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করে। প্রতিবেদনে ফিক্সিংয়ের বিষয়টি উল্লেখ করা হয়, জানানো হয় বিষয়টি বিসিবি ও আইসিসিও তদন্ত করতে পারে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, এই প্রতিবেদনের কারণে পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে মুশফিকের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি এই বিকৃত তথ্য সম্বলিত প্রতিবেদনের কারণে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করেছেন বলে উল্লেখ করা হয়।


