প্রাইম ভিশন ডেস্ক »
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং অনিলপাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৪ সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় অপহৃত তিন নেতাকে অক্ষত উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা। উদ্ধার করা তিন জনকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাতের নেতৃত্বে একদল সেনা সদস্য রাতে বিশেষ অভিযান চালায়। অভিযানে পাহাড়ি ছনের জুম ঘরে বাঁধা অবস্থায় ইউপিডিএফ সদস্য নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে সূত্র জানায়।
অপহৃত ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মী পরদিন যুব সম্মেলন অংশগ্রহণ করতে আসেন।
এসময় সোমবার রাতে বিপুল চাকমাসহ ৭ জন অনিল পাড়া নামক গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থানকালে পানছড়ি সদর এলাকা থেকে দুর্বৃত্তরা ওই বাড়িতে গিয়ে এলোপাথাড়ি ব্রাশফায়ার করে বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে হত্যা করে।
চার জনকে হত্যার পর সন্ত্রাসীরা সেখান থেকে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, তাদের তিনজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উদ্ধার তিনজনকে থানায় নিয়ে আসা হয়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জানান, উদ্ধার সদস্যদের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


