আওয়ামী লীগ প্রার্থীকে জড়িয়ে মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনের নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. এম ফখরুদ্দিন চৌধুরী এবং সদস্য সচিব আ.ম.ম দিলশাদ এক প্রতিবাদ লিপিতে বলেন, গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ইসমাইল হোসেনের বড় ভাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল মোস্তফা বজল সর্দারের হত্যাকাণ্ডে চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন এবং বারৈয়ঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত।
অথচ বারৈয়ঢালা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম দৈনিক প্রথম আলোকে বলেছেন, ‘অভিযুক্ত তৌহিদুল ও নুর মোস্তফা পরস্পরের আত্মীয়। তৌহিদুল এক সময় যুবদল করতো।’ আমরা দৃঢ়চিত্তে বলতে চাই এ ঘটনা ব্যক্তিগত ও পারিবারিক। এ ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে প্রকৃত খুনিদের আড়াল করার অপচেষ্টা মাত্র। আমরা খুনিদের অভিলম্বে গ্রেফতারের জোর দাবি জানাই।


