প্রাইম ভিশন ডেস্ক »
রাউজানের পাহাড়তলী ইউনিয়নের প্রথম ব্যক্তি হিসেবে সিআইপি পদক গ্রহণ করেছেন ওমান প্রবাসী ব্যবসায়ী শেখ নবী। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক প্রথম বারের মত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)-২০২১ নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় প্রবাসী দিবস-২০২৩ অনুষ্ঠানের সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হাত থেকে তিনি সিআইপি পদক ও সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনসহ আরো অনেকেই।
উল্লেখ্য, সিআইপি শেখ নবী চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম কর অঞ্চল-৩ এ ২০১৫-১৬ অর্থবছরে শ্রেষ্ঠ তরুণ করদাতা ও ২০১৮-১৯ অর্থবছরে সেরা করদাতা(৩য়) নির্বাচিত হয়েছিলেন।
তিনি গরিব-দুঃখী, অসহায় ও দুস্থ মানুষের সহায়তার লক্ষ্য গড়ে তুলেন শেখ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি মহামারী করোনাকালীন সহ প্রতিবছর কয়েকশত অসহায় পরিবারের মাঝে চালের বস্তাসহ নানান ত্রাণসামগ্রী বিতরণ, শিক্ষা, চিকিৎসা ও বিবাহ অনুদান প্রদানসহ নানান সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন।


