প্রাইম ভিশন ডেস্ক »
সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার (২ জানুয়ারি), বুধবার (৩ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।
তিনি বলেন, পাতানো তামাশার নৌকা আর ডামীদের নির্বাচন ঘিরে সারাদেশে কায়েম করা হয়েছে চরম নৈরাজ্যকর এবং ভয়ংকর পরিস্থিতি। পুলিশ এবং আওয়ামী হানাদার তান্ডবে গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিকামী জনগণ গত তিনমাস ঘর-বাড়ি ছেড়ে ফেরারী ও উদ্বাস্তু জীবন যাপন করছে।
এর আগে, সোমবার (১ জানুয়ারি) দুপুরে একই রকম কর্মসূচির ঘোষণা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
এদিন এক বিবৃতিতে এলডিপি জানায়, বিএনপির সমর্থনে সমগ্র দেশে এলডিপির নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে।
এ সময় দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করুন। নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিন। সকলের সঙ্গে বসুন। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করুন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করুন।


