শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমিয়ানমারের সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ ৯ দেশের উদ্বেগ

মিয়ানমারের সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ ৯ দেশের উদ্বেগ

প্রাইম ভিশন ডেস্ক »

মিয়ানমারে চলমান সহিংসতা ও সেনাবাহিনীর দমন নীতি নিয়ে তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ নয় দেশ। বিবৃতিতে রাখাইন রাজ্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আমরা বেসামরিক মানুষের ওপর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে তাদের ওপর সামরিক বাহিনীর এলোপাতাড়ি বিমান হামলার নিন্দা জানাই।

যুক্তরাষ্ট্র ছাড়া বিবৃতিতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো হলো ইকুয়েডর, ফ্রান্স, জাপান, মাল্টা, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ব্রিটিশ। বিবৃতিতে বিশেষভাবে রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সে অঞ্চলে অবিলম্বে মানবিক সাহায্য দিতে আহ্বান জানানো হয়।

মিয়ানমারে নির্যাতনের জেরে ২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, উদ্বাস্তু ও অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সঙ্গে ফিরতে পারে, তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ওপর আমরা বিশেষ জোর দিচ্ছি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। অভ্যুত্থানের কয়েক মাস পর দেশটির বিভিন্ন প্রান্ত থেকে জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।

গত অক্টোবর থেকে রাখাইন প্রদেশে জান্তার বিরুদ্ধে অভিযান শুরু করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে তিন বিদ্রোহী গোষ্ঠীর একটি জোট। আরাকান আর্মি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি জোটটির তিন সদস্য। আরাকান আর্মি জোটের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী।

সম্প্রতি বাংলাদেশের সীমান্তবর্তী মংডুতে জান্তার বিভিন্ন বাহিনীর সঙ্গে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের তীব্র সংঘাত চলছে। সংঘাতে মঙ্গলবার পর্যন্ত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশসহ (বিজিপি) আরও কয়েকটি সরকারি বাহিনীর ২২৯ সদস্য আশ্রয় নিয়েছে। একই সময়ে মিয়ানমারের অন্তত আট নাগরিকও বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমার থেকে আসা মর্টার শেলে বাংলাদেশে এ পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের সঙ্গে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৮৩ এবং ভারতের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়