প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরানোর বিষয়ে কাজ চলছে। নিরাপত্তাজনিত কারণে দিনক্ষণ প্রকাশ করতে পারছি না। রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।’
বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি এখন পুরোনো গাড়ি। স্টার্ট দিয়ে কোনোরকমে চালু রাখার চেষ্টা করছে, যাতে তাদের নেতাকর্মীরা চাঙ্গা থাকে। আশা করি বিএনপি গণতান্ত্রিক কার্যক্রমের মধ্যেই থাকবে। তবে আগুন-সন্ত্রাস তাদের আর করতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) অবহিত করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণপত্র পাঠাব।’


