প্রাইম ভিশন ডেস্ক »
ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে। সোমবার সকাল ১০টা ২৫ মিনিট থেকে হোয়াইক্ষ্যং উনছিপ্রাং সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে টানা মর্টারশেল ও গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে।
কয়েকদিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে সকাল ১০টা থেকে মর্টারশেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ফলে আবারো সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, কক্সবাজার ৩৪ বিজিবির অধীনে তমব্রু বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৩৪-এর বিপরীত তমব্রু রাইট ক্যাম্প থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। গুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকাসহ সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্য ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।
হোয়াইক্ষ্যং ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, কয়েকদিন ধরে টেকনাফ হোয়াইক্ষ্যং সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। সকাল ১০টা থেকে আবারো মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা।
উনছিপ্রাং প্যারা এলাকার চিংড়ি ঘের মালিক বক্কর বলেন, সকাল ১০টার পর থেকে আবারো গোলাগুলির শব্দ ভেসে আসছে। এটি মিয়ানমারের কুমিরখালী এলাকায় হচ্ছে। আমরা আগুনের ধোঁয়াও দেখতে পাচ্ছি।


