প্রাইম ভিশন ডেস্ক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন তিনি। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার সর্বাধিকসংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামলূক ভাষণও দেবেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করবেন। স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ- প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৪। বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হলো এবারের পুলিশ সপ্তাহ।
পুলিশ সপ্তাহ-২০২৪-এর বার্ষিক প্যারেডে কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মো. সোহেল রানা। তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।
প্রতিবছরই পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠকে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি উত্থাপন করে পুলিশ। এবারও পুলিশের রয়েছে একগুচ্ছ দাবিদাওয়া। এসব দাবির মধ্যে অন্যতম পুলিশের বিভিন্ন পর্যায়ে পদোন্নতি ও পদায়ন জটিলতা নিরসন, ৮ ঘণ্টার অতিরিক্ত ডিউটির জন্য ওভারটাইম ভাতা ও পরিদর্শক থেকে তদোর্ধ্বদের জন্য ঝুঁকিভাতা প্রদান ইত্যাদি।


