প্রাইম ডেস্ক »
আবহাওয়া অফিস জানিয়েছে, কিশোরগঞ্জ অঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিনদিনে দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর , রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।বৃহস্পতিবার তেঁতুলিয়ায় সর্বোনি¤œ তাপমাত্রা ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়, মিয়ানমার উপকূল এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি স্থলভাগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পড়েছে। এটি প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে মিয়ানমার ভূখন্ডে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়েছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৯ মিনিটে।


