প্রাইম ভিশন ডেস্ক »
বৈদেশিক ঋণের সুদ পরিশোধ প্রথমবারের মতো ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। বাজার-ভিত্তিক ঋণের ওপর নির্ভরতার কারণেই বেড়েছে সুদ পরিশোধের ব্যয়। টাকার অবমূল্যায়ন এবং সোফর সুদহার বাড়ার ফলে এই ধরনের ঋণ আরো ব্যয়বহুল হয়ে উঠেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের ৯ মাসে জুলাই-মার্চ সময়ে বাংলাদেশ শুধুমাত্র সুদ বাবদ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ১০৫ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন সহযোগীদের সুদ বাবদ পরিশোধ করা হয়েছিল ৪৮ কোটি ৫৯ লাখ ডলার। এ হিসেবে সুদ পরিশোধ বেড়েছে ১১৭ শতাংশ।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে সুদ পরিশোধ করা হয়েছিল ৮০ কোটি ৫৯ লাখ ডলার। এবং পুরো অর্থবছরে তা ছিল ৯২ কোটি ৭০ লাখ ডলার।
ইআরডির কর্মকর্তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে সুদহার বেড়েছে।
তারা বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর) বেড়েছে। বর্তমানে সোফর সুদহার ৫ শতাংশের বেশি। যা এই যুদ্ধের আগে ১ শতাংশের কম ছিল।
অন্যদিকে, বাংলাদেশের বাজার-ভিত্তিক ঋণ ক্রমগত বাড়ছে। এই কারণে বাংলাদেশকে এখন সুদ বাবদ বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে।
বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে যে ঋণ পায় তার প্রায় ৭৫ শতাংশ বাজার-ভিত্তিক ঋণ। এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে বাজার-ভিত্তিক সুদে ঋণ নেয়। বিশ্বব্যাংক থেকেও স্বল্প পরিসরে বাজার-ভিত্তিক ঋণ নেয় বাংলাদেশ।
এদিকে সুদ পরিশোধ বেড়ে যাওয়ার প্রভাবে অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) বৈদেশিক ঋণ পরিশোধ বেড়ে হয়েছে ২৫৭ কোটি ডলার হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৭৩ কোটি ডলার।
এর মধ্যে বিভিন্ন ঋণের আসল পরিশোধ করা হয়েছে ১৫১ কোটি ডলার।
ইআরডির প্রক্ষেপণ অনুযায়ী, চলতি অর্থবছরে আসল ও সুদ মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ বেড়ে ৩৫৬ কোটি ডলার হতে পরে।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি
বলেন, “আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ছে। তবে সস্তা ঋণের পরিমাণ কমছে। বাজার ভিত্তিক ঋণ ও দ্বি-পাক্ষিক ঋণের পরিমাণও বাড়ছে। এসব ঋণের সুদহার বেশি, আবার পরিশোধের সময়ও কম থাকে। আবার আমাদের অনেক মেগা প্রকল্পের জন্য নেওয়ার ঋণের গ্রেস প্রিরিয়ড শেষ হয়ে যাওয়ায় আসল পরিশোধের চাপও বেড়েছে, এবং আগামীতে এই চাপ আরও বাড়তে থাকবে।


