প্রাইম ভিশন ডেস্ক »
আদালতের নির্দেশনায় আগামী বৃহস্পতিবার সারাদেশে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত দাফতরিকভাবে, সুনির্দিষ্টভাবে অবগত নেই। সংবাদমাধ্যমে দেখেছি। আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। এই মুহূর্তে মন্তব্য করবো না। তবে নীরবতাটা সম্মতির লক্ষণ (আদালতের আদেশে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ)।
এদিকে, ঢাকাসহ দেশের ২৭ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর বুধবার মে দিবসে সরকারি ছুটি। ফলে ঐদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে, সোমবার সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমপর্যায়ের মাদরাসার ক্লাস বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে ইংরেজি মাধ্যম স্কুল এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসি আছে ও পাবলিক পরীক্ষা চলছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।


