প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরের জামালখান-চেরাগি মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের -তর্কাতর্কি হয়েছে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দেয়। পরে টিয়ার সেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে, বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় জামালখান প্রেসক্লাব ও চেরাগি মোড় এলাকা থেকে এসব শিক্ষার্থীকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, ‘জামালখান এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আটকরা হলেন— বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন, বাকলিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুলহাজ হোসেন এবং চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী মো. নজরুল।
এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত ফোর্স।
সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় নগরের জামালখানে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হবে বলে জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।


