প্রাইম ভিশন ডেস্ক »
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’।
মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।
বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি দিতে ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে ডিবি অফিসের সামনে মানববন্ধনসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।’
তিনি বলেন, ‘আজই ডিবি কার্যালয়ে যাওয়ার কথা ছিলো। সেই কর্মসূচি স্থগিত করে সভা থেকে এই আল্টিমেটাম দেওয়া হলো।’
আজ মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডিবি প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন, এমন ধারণা থেকে ইফতেখারুজ্জামান বলেন, ‘ডিবি প্রতিনিধি যারা আছেন, আপনারা আপনাদের অফিসকে আমাদের এই বক্তব্য জানাবেন।’
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, ড. শামসুল হুদা, সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমা সুলতানাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার অন্যায়ভাবে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও নির্যাতন করছে। সরকার অনেক আগেই সীমালঙ্ঘন করেছে।
বক্তারা দেশের সব অভিভাবককে এই নির্যাতনের প্রতিবাদ করার আহ্বান জানান।
এছাড়াও সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। প্রতিটি হতাহতের ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বলপ্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে।


