Homeএই মুহুর্তেভারতের সঙ্গে নীরবতা বা নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা

ভারতের সঙ্গে নীরবতা বা নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতকে আর একতরফা ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগের আওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রে দেশটির সঙ্গে নীরবতা বা নিষ্ক্রিয়তা দেখালেও সেই দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা বলেন, ‘ভারতের সঙ্গে অতীতের সরকারের যদি নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে, সেদিন শেষ হয়ে গেছে। নদীর পানি কেবল রাজনীতি না, কূটনীতি ও অর্থনীতি।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমরা দর কষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি পাই, তাতে স্বাক্ষর করতে রাজি থাকব। অন্য দেশ কী করল কী করল না সেটা দেখার বিষয় না।’

তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেটা করতে পারব, আমাদের দেশের দাবিগুলো তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করতে পারব। সেটুকুও আমাদের দেশের অতীতের (আওয়ামী লীগ) সরকার করেনি।’

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়