প্রাইম ভিশন ডেস্ক »
মহার্ঘ ভাতা নিয়ে অনেক দিন ধরেই সরকারি চাকরিজীবীরা আশায় বুক বাঁধছেন। এবার ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে এ ব্যাপারে সুখবর পেলেন তারা। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহার্ঘ ভাতার কথা উল্লেখ করা না হলেও সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট প্রস্তাবে বলা হয়েছে, আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে প্রস্তাবিত সুবিধার হার স্পষ্ট করে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি।
সোমবার (২ জুন) বিকেলে জাতীয় বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, ‘২০১৫ সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করছি।’
২০১৫ সাল থেকে সরকারি কর্মচারীরা নিয়মিতভাবে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। এছাড়া ২০২৩ সালের জুলাই থেকে অতিরিক্ত ৫ শতাংশ হারে একটি বিশেষ প্রণোদনাও চালু রয়েছে, যা এখনো বহাল রয়েছে। গত অর্থবছরের বাজেটেও তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিশেষ সুবিধার কথা বলেছিলেন। পরে তৎকালীন প্রধানমন্ত্রী এই বিশেষ ভাতা ৫ শতাংশ বাড়িয়ে মোট ১০ শতাংশে উন্নীত করেন।
অর্থ বিভাগের একাধিক সূত্র জানায়, নতুন বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন। এ সুবিধা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।


