প্রাইম ভিশন ডেস্ক »
গাজীপুরের বাসন থানার যোগীতলা এলাকায় হাবিব চৌধুরী নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগীতলার দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
হাবিব চৌধুরী নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফকিক চানের ছেলে। বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন। তিনি গাজীপুর মহানগর এনসিপির সদস্য ও বাসন থানা শাখা সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী।
হাবিব চৌধুরী বলেন, ‘নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির জন্য তিনি ফেসবুকে একটা বিজ্ঞাপন দেন। ওই মোটরসাইকেল কেনার কথা বলে দুই ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসে। পরে তাদের একজন মোটরসাইকেল চালিয়ে দেখছিল। অন্যজন কাগজপত্র দেখছি। কিছুক্ষণ পর ওই ব্যক্তি একত্রিত হয়ে মোটরসাইকেলে উঠে পড়ে। একপর্যায়ে একজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর দুটি গুলি ছোড়া হয়। ভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘হাবিব চৌধুরী তার নিজের ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপন দেখে দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে দেখা করতে আসে। ঘণ্টাব্যাপী তারা নানাভাবে মোটরসাইকেলটি পর্যবেক্ষণ করে। একপর্যায়ে তাদের একজন হাবিব চৌধুরীর কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করে এক রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল চালিয়ে নিয়ে যেতে থাকে। হাবিব মোটরসাইকেলের পেছনে দৌড় দিলে তাকে লক্ষ্য করে আরেক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলি তার শরীরে লাগেনি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।


