মঙ্গলবার, মে ১৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমানবিকতা কাজ না করলে কখনও শ্রেষ্ঠ হতে পারে না: জেলা প্রশাসক

মানবিকতা কাজ না করলে কখনও শ্রেষ্ঠ হতে পারে না: জেলা প্রশাসক

প্রাইম ভিশন ডেস্ক »

মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয় উল্লেখ করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তবে আমি বিশ্বাস করি তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে। মানুষের মধ্যে যদি মানবিকতা কাজ না করে তাহলে সে কখনও শ্রেষ্ঠ হতে পারে না।

রোববার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, সুস্থ শরীর ছাড়া সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়। আজ যে মানুষটা ডায়ালাইসিস করে তার মধ্যে আর কি স্বপ্ন থাকতে পারে? ডায়ালাইসিস করে কিভাবে বেঁচে থাকবে সেটি নিয়ে সে ব্যস্ত।

সেতো স্বপ্ন দেখতে পারবে না। স্বপ্ন দেখাতেও পারবে না। এটা বাস্তবতা। কিন্তু আমরা তাদের ঠেলে দিচ্ছি। সবার উচিত এসব মানুষের পাশে দাঁড়ানো। দায়িত্বশীল সমাজ গঠন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি দায়িত্বশীল সমাজ গঠন করতে পারি তাহলে আমাদের কিডনি, হার্টসহ যত ধরনের রোগ আছে সেগুলো থেকে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি। আমাদের সবার সুন্দর জীবন-যাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। সে অভ্যাসের জন্য আমাদের সেক্রিফাইস থাকতে হবে। আমি শুধু আমারটি দেখব, অন্যরা সেক্রিফাইস করবে না সেটিতো হবে না। আমাদের সুন্দর এই মাতৃভূমিকে মানবিকভাবে সাজাতে চাই।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, হাসপাতালের কাজ হচ্ছে রোগীকে ভালো করা। হার্ট ও কিডনি রোগীদের জন্য চট্টগ্রামে একটা বড় ধরনের হাসপাতাল দরকার। এসব রোগীর জন্য আমরা অনেক বড় হাসপাতাল করব। এ জন্য চট্টগ্রামের চিকিৎসকদের সবচেয়ে সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা পেলে হার্ট ফাউন্ডেশন অনেকদূর এগিয়ে যাবে।

তিনি বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত দুশ্চিন্তা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে উচ্চ রক্তচাপ ঝুঁকি বাড়ছে। এ থেকে মুক্ত থাকতে আমাদের সচেতন হতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ হলো উচ্চ রক্তচাপ। হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে আমাদের হৃদয়ের যত্ন নিতে হবে।

অস্বাস্থ্যকর জীবনযাপন, ভেজাল খাদ্য খাওয়া, সচেতনতার অভাব ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে দেশে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে।

স্ট্রোক থেকে বাঁচতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি এসএম আবু তৈয়বের সঞ্চালনায় এতে বক্তব্য দেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ডা. বিপ্লব ভট্টাচার্য, ইনার হুইল ক্লাব অফ সিকুইনের সভাপতি শাহনাজ আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়