শুক্রবার, মে ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেইউআইটিএসে আইন দর্শনবিষয়ক সেমিনার

ইউআইটিএসে আইন দর্শনবিষয়ক সেমিনার

প্রাইম ভিশন ডেস্ক »

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর আইন বিভাগের উদ্যোগে আইন দর্শনবিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মুট কোর্ট রুমে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তিনি আইনের দার্শনিক ভিত্তি, ন্যায়বিচারের ধারণা, বিচারিক যুক্তি বিশ্লেষণ এবং আধুনিক জুরিসপ্রুডেন্সের বিভিন্ন তাত্ত্বিক দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আইন ও ন্যায়বিচারের তাত্ত্বিক এবং ব্যবহারিক অনুষঙ্গের মধ্যে নিবিড় সম্পর্ক গভীরভাবে অনুধাবন করা জরুরি। তার বক্তব্য আইন শিক্ষার্থী, গবেষক ও আইনবিদদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি এবং ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, ভালো কাজের সদিচ্ছা ও পরিশ্রম মানুষকে সাফল্যের পথে এগিয়ে নেয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. আব্দুল্লাহ আল ফারুক। তিনি মূল প্রবন্ধের ওপর বিশ্লেষণধর্মী প্রতিফলন উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে ইউআইটিএসের উপাচার্য ড. মো. আবু হাসান ভুঁইয়া মন্তব্য করেন, এ ধরনের একাডেমিক আয়োজন সমালোচনামূলক আইন গবেষণা ও বৌদ্ধিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও আইন শিক্ষার উৎকর্ষে এ ধরনের উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়। পরে ইউআইটিএসের আইন বিভাগ এবং প্রধান অতিথির সংক্ষিপ্ত জীবনীর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য দেন ইউআইটিএসের অ্যাডভাইজর ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

শেষ পর্বে ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ‘১ম ইন্ট্রা-ইউআইটিএস ল কলোকিয়াম’-এর বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন ইউআইটিএসের আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক ও বিপুলসংখ্যক আইন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়