প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী বেলায়েত হোসেন।
সোমবার (১৫ জুন) ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিডিএ’র বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে তিনি নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রামের পরিকল্পিত ও আধুনিক নগর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন চেয়ারম্যান বলেন, চট্টগ্রামকে একটি নান্দনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব।
এই গুরুদায়িত্ব সুচারুভাবে পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিডিএ’র কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রামের সর্বস্তরের জনগণের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।


