ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে অত্যন্ত আন্তরিকতার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বর্তমান সরকার সর্বদা আপনাদের পাশে রয়েছে।
বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই দুর্গত মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বন্যাদুর্গতদের উদ্দেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ উপস্থিত ছিলেন।
তাঁরা আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বাজার সংলগ্ন এলাকা, বাঁশখালী উপজেলার ইলিশা এবং সাতকানিয়া পাঠানের পুল এলাকা সরজমিনে পরিদর্শন করেন।
পরবর্তীতে সাতকানিয়ার পাঠানের পুল এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় নৌকা যোগে কেউচিয়াসহ মারাত্মকভাবে প্লাবিত ও জলমগ্ন এলাকাগুলো অবলোকন করেন। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে তারা সরাসরি কথা বলেন এবং তাঁদের দুর্ভোগের খোঁজ নেন।
পরিদর্শনকালে বন্যাদুর্গত এসব অঞ্চলের চরমভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১ হাজার ৫০০ পরিবারে জরুরি খাদ্যসামগ্রীসহ জীবনধারণের জন্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অত্যন্ত দ্রুততার সাথে কোনো ধরনের বৈষম্য ছাড়া সুষম ত্রাণ বিতরণ নিশ্চিত করার তাগিদ দেন। একই সাথে তিনি ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও পুনর্বাসন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা দেন।


