প্রাইম ভিশন ডেস্ক
ভারত সরকারের পক্ষ থেকে তিনটি আশ্বাস পাওয়ার পরই ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ওই শর্তগুলির কথা জানিয়েছেন তিনি।
ওয়াংচুক জানিয়েছেন, যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা রুজু হবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে সরকার। ২০ জুলাই সংসদ অভিযানে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ভিডিও বার্তায় ওয়াংচুক আরও জানান, ‘দেশে পরীক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি নিয়ে সংসদে আলোচনা করবে সরকার এবং দেশের বিরোধী দলগুলো। এই বিষয়েও কেন্দ্রের কাছ থেকে লিখিত আশ্বাস মিলেছে বলে জানান তিনি। এর পাশাপাশি কেন্দ্র জানিয়েছে, নিট-এর প্রশ্নপত্র ফাঁসের পর যেসব শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে ‘পর্যাপ্ত’ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ‘ইতিবাচক ভাবে বিবেচনা’ করে দেখছে কেন্দ্র।’
মোদি সরকারের পক্ষ থেকে মূলত এই তিন প্রতিশ্রুতি লিখিত ভাবে পাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে অনশন প্রত্যাহার করে নেন ওয়াংচুক।
অনশন প্রত্যাহারের পর শুক্রবার সকালে প্রথম ভিডিও পোস্ট করেন ওয়াংচুক। এতে তিনি বলেন, ‘গত দু’দিন ধরে আমি খুব কঠোরভাবে দর কষাকষি করছিলাম। আমি (সরকারের কাছে) লিখিত আশ্বাস চাইছিলাম। এটা করতে দু’দিন লাগল। তাই আমাকেও আরও দু’দিন অনশন করতে হল। অবশেষে আজ তারা (সরকার) লিখিত আশ্বাস দিল।’
ওয়াংচুক অনশন প্রত্যাহার করার পরেই মোদি এক পোস্টে জানান, ‘সোনমজিকে আমার অনুরোধ, আপনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। দৈনন্দিন কাজে ফিরুন।’ টানা অনশনে ক্রমশ ওজন কমে যাওয়া ওয়াংচুক দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সোনম অনশন প্রত্যাহার করে নিলেও আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। অনশন প্রত্যাহারের জন্য ওয়াংচুককে ধন্যবাদ জানালেও সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট করেছেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না-করা পর্যন্ত যন্তর মন্তরে তাদের প্রতিবাদ চলবেই।


