প্রাইম ভিশন ডেস্ক
জুলাই গণ-আন্দোলনের চেতনাকে ম্লান করতে দেশে-বিদেশে নানা অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, জুলাইকে ম্লান করার জন্য স্বৈরাচারী হাসিনা দেশের বাইরে সংবাদ সম্মেলন করছে।
দেশের ভেতরে বিভিন্ন গুপ্ত ফ্যাসিস্টও নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম কোর্ট হিলস্থ আইনজীবী অডিটোরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ‘রক্ত লাল জুলাই ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, শেখ হাসিনা গত ১৭ বছর খুন, গুম, দুর্নীতি, ভোট ডাকাতি ও নির্যাতনের মাধ্যমে দেশ শাসন করে শেষ পর্যন্ত পালিয়ে গেছে। তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করতে হবে।
জুলাই আন্দোলনে চট্টগ্রামের আইনজীবীরা একজনও পিছিয়ে থাকেননি। আন্দোলন সফল করতে তারা সব সময় প্রস্তুত ছিলেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন।
ভবিষ্যতেও আইনজীবী সমিতির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, মুক্তিযুদ্ধকে যেমন কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছে, তেমনি বর্তমানেও কেউ কেউ জুলাই আন্দোলনকে পুঁজি করে সুবিধা নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
আরও পড়ুন
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ভূমি প্রতিমন্ত্রী
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ভূমি প্রতিমন্ত্রী
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমদ, অ্যাডভোকেট জহুরুল আলম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদসহ অন্যরা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


