ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, উন্নত ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নয়ন করা সম্ভব নয়।
এজন্য মানবসম্পদের উন্নয়ন করতে হবে। রোববার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আজ শুধু ফ্রিল্যান্সার তৈরি করলো না, উদ্যোক্তাও তৈরি করলো। ফ্রিল্যান্সারদের জন্য আমাদের সরকার নানা সুযোগ-সুবিধা দিচ্ছে।
ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থ দেশে আনতে চরম বেগ পেতে হতো। কিন্তু বর্তমান সরকার এ ব্যবস্থা অত্যন্ত সহজ করে দিয়েছে।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মানবসম্পদ উন্নয়নে আরও বেশি কাজ করবে এবং পার্বত্য মন্ত্রণালয় থেকে সব রকম সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় রংধনু জাতির কথা বলে থাকেন। রংধনু মানে সুন্দর। পার্বত্যাঞ্চলের সব সম্প্রদায় এ অঞ্চলের উন্নয়নে, দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে মিলে মিশে ঐক্যবদ্ধ থেকে কাজ করবে এমনটা প্রত্যাশা আমাদের।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, সদস্য অর্থ (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, সদস্য পরিকল্পনা (উপ-সচিব) জাহিদ ইকবাল, রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তিন পার্বত্য জেলায় ২০০ জনকে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৫০ জন নারীকে সেলাই মেশিন এবং ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।
এরপর প্রতিমন্ত্রী রাঙামাটি পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন, বিকেলে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হতে মহরমপুর খাল পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন এবং মহাপুরম খালের ওপর ব্রিজের কাজ উদ্বোধন করেন। এর আগে তিনি চট্টগ্রাম থেকে রাঙামাটি এসে রাঙামাটি জেলা পরিষদের আয়োজিত ই-লার্নিং সেন্টার উদ্বোধন করেন।


