প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বুধবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট জলিল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আনিকা। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।
পুলিশ জানায়, সকালে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একদল মোটরসাইকেল আরোহী। এর মধ্যে একটি মোটরসাইকেল ফৌজদারহাট জলিল স্টেশন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে মানসিক ভারসাম্যহীন ওই নারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই আমির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়। কয়েকটি মোটরসাইকেলে দলবেঁধে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন তারা। মূলত মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।


