প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরবাসীর ওপর কোনো ধরনের বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। শুধুমাত্র আগের স্থাপনাগুলোর বর্ধিত অংশের এবং নতুন স্থাপনা নির্মাণ করা হলে সেক্ষেত্রে নতুন কর ধার্য করা হবে। চট্টগ্রাম নগরীতে গৃহকর নিয়ে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই।
সোমবার সিটি মেয়রের সঙ্গে তার অফিস কক্ষে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সময় এসব কথা বলেন তিনি।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ২০০৯ সালে কর মূল্যায়নের ওপর এতদিন করদাতারা কর দিয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ২০১৭ সালের পৌরকর মূল্যায়নের ওপর কর আদায়ের জন্য চসিকের বাধ্যবাধকতা রয়েছে।
এই মূল্যায়নে কোনো অসঙ্গতি থাকলে পূর্বের বকেয়া পরিশোধপূর্বক আপিলের মাধ্যমে নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, নগরবাসী আপিল ফরম অনলাইনে, সার্কেল অফিস, ওয়ার্ড অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে আপিল করতে পারবেন।
মেয়র সমিতির নেতাদের গৃহকর নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে; তাদের সম্পর্কে নগরবাসীকে সচেতন করার ব্যাপারে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইসমাইল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কাদের, আলাউদ্দিন ইউসুফ, তৌফিক হোসেন, আবু জাফর, আবু বক্কর চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ।


