প্রাইম ভিশন ডেস্ক »
এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের আসিফ আলীকে আউট করে খ্যাপাটে সেলিব্রেশন করেন আফগান পেসার ফরিদ আহমেদ। তাতে মেজাজ হারিয়ে ফেলেন আসিফ। ব্যাট উঁচিয়ে মারতে যান ফরিদকে। হাতাহাতি হয় দুজনের মধ্যে ন্যাক্কারজনক ঘটনায় দুই ক্রিকেটারকে শাস্তি প্রদান করেছে আইসিসি।
আইসিসির আইন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাকিস্তানের আসিফ ও আফগানিস্তানের ফরিদকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি জানায়, বুধবার রাতের ঘটনায় আসিফ আলী ও ফরিদ আহমেদকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন তারা। দুজনই অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সাজা মেনে নিয়েছেন।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়দের জন্য প্রণীত শৃঙ্খলাবিধির ২.৬ ধারা ভঙ্গ করেছেন আসিফ। ধারাটি আন্তর্জাতিক ম্যাচের সময় অশ্লীল, আক্রমণাত্মক অথবা অপমানজনক অঙ্গভঙ্গির সঙেআগ সম্পর্কিত। আর ফরিদকে অভিযুক্ত করা হয়েছে ২.১.১২ ধারায়, যা ম্যাচের সময় খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য যেকোনো ব্যক্তির সঙ্গে অনুচিত শারীরিক সংযোগের সঙ্গে সম্পর্কিত।’
গত বুধবার এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের মুখোমুখি হয় পাকিস্তান। সে ম্যাচে আফগানদের দেয়া লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ বলে ১৬ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন আসিফ আলী।
গুরুত্বপূর্ণ সময়ে আসিফকে আউট করে উগ্র সেলিব্রেশন করেন ফরিদ। উইকেট পাওয়ার আনন্দে আসিফের কাছাকাছি গিয়ে উদ্যাপনের ভঙ্গিতে হাওয়ায় ঘুষি মারেন ফরিদ। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা মারেন আসিফ, ফরিদকে ব্যাট উঁচিয়ে মারতে যান। পরে ম্যাচ আম্পায়ার ও দুই দলের ক্রিকেটাররা এসে তাদের আলাদা করেন।


