প্রাইম ভিশন ডেস্ক »
ভিটামিন বি ১২ আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেহ কোষে নতুন ডিএনএ তৈরি করতে, স্নায়ু কোষ ও রক্তকণিকা সুস্থ রাখতে আমাদের দরকার ভিটামিন বি ১২। এটি আমাদের দেহকোষে প্রোটিন ও চর্বি ভেঙে দিতে সাহায্য করে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহে এর ঘাটতি দেখা দিতে পারে।
এ ক্ষেত্রে নিয়মিত খাবারের বাইরে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্টারি হিসেবে ভিটামিন বি১২ সেবন করতেই পারেন। কিন্ত এর আগে দেহে ভিটামিন বি ১২ এর ঘাটতি আসলেই আছে কি না তা বোঝা জরুরি।
যেসব লক্ষণ দেখে বুঝবেন শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি
শরীরে ভিটামিন বি১২ এর ঘাটতির কারণে রক্তে লোহিত রক্তকণিকা উৎপাদন ব্যাহত হয়। এ কারণে শরীরে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। ফলে শরীর দুর্বল লাগে। এ ছাড়া দমও কমে আসে। শরীরের ওজন দ্রুত হ্রাস পায়। মাথা ব্যথা দেখা দেয়। অনেকের মাথা ঘুরায় এমনকি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হয়ে যায়।
ভিটামিন বি১২ এর ঘাটতিতে নার্ভ সেলেও প্রভাব ফেলে। এর ফলে হতাশা তৈরি হতে পারে। অল্পতেই বিরক্তি চলে আসতে পারে এবং বিষয়ভিত্তিক যে কোনো কিছু নিয়ে বিভ্রান্তিও দেখা দিতে পারে। দৃষ্টি শক্তি কমে যায়। স্মৃতিশক্তি হ্রাস পায়। এমনকি চলতে ফিরতে ভারসাম্য রক্ষাতেও সমস্যা হয়।
এসব লক্ষণের ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। পরে রক্তপরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বি১২ এর ঘাটতি রয়েছে কি না।
ভিটামিন বি ১২ ঘাটতিতে করণীয়
মাছ, মাংস, ডিম ও দুধ ভিটামিন বি ১২-এর উৎস। এসব খাবার ঠিকমতো না খেলে শরীরে বি ১২ এর ঘাটতি দেখা দিতে পারে। সেক্ষেত্রে প্রতিদিনকার খাবারের তালিকাতেই নিয়মিত বি১২ সমৃদ্ধ খাবার রাখা উত্তম। এরপরেও যদি শরীরে বি১২ এর ঘাটতি দেখা দেয়, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টারি ওষুধ সেবন করা যেতে পারে। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, লিভার আমাদের শরীরে ভিটামিন বি ১২ জমা রাখে।
দরকার বাড়তি সাবধানতা
অনেকক্ষেত্রেই দেখা যায়, লিভারে কোনো অসুখের কারণে বা অতিরিক্ত ফ্যাটের কারণে বি ১২ জমা রাখতে পারে না অঙ্গটি। সেক্ষেত্রেও শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে। এক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ জন্ডিস ছাড়াও অন্যান্য কারণে লিভার সিরোসিসের মতো বড় ধরনের রোগ হতে পারে। অ্যালকোহল পানের মতো কিছু অভ্যাস লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। সুস্থ দেহের জন্য আমাদের এসব অভ্যাসও পরিত্যাগ করা উচিত।


