প্রাইম ভিশন ডেস্ক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আনিসুর রহমান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, একটি প্রাইভেট কারে করে রাজশাহী থেকে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই কার তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ টিম।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘হুমকি’ দেন চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’
তার ওই বক্তব্যের ভিডিও দুদিন পর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলসহ সব জায়গায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এরপর রাজশাহীতে তিনটিসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদের বিরুদ্ধে মামলা হয়।
এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিভিন্ন পোশাজীবী সংগঠন। এ সময় চাঁদকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলা হয়। আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তিনি রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। একাধিকবার বিএনপির প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও নির্বাচিত হতে পারেননি।
সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন বলেন, আমাদের কাছে তথ্য আসে, তিনি মহানগর এলাকাতেই আত্মগোপনে রয়েছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের জন্য আমরা রাজশাহীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসাই। সেই ধারাবাহিকতায় আমরা নগরীর ভেড়িপাড়া মোড়ে একটি চেকপোস্ট বসিয়েছিলাম। এসময় গ্রেপ্তার এড়াতে আবু সাঈদ প্রাইভেটকারে চড়ে আত্মগোপনের জন্য কোথাও পালাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে। নির্ধারিত সময়ের মধ্যেই পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।
আবদুল বাতেন জানান, আদালতে চাঁদের রিমান্ডের আবেদন করা হবে কি না তা মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া দেশের অন্য থানাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়েও আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন মামলার তদন্ত কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত কমিশনার বিজয় বসাক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় রাজশাহীর পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে প্রথম মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে, এসব মামলায় তিনি আত্মসমর্পন করতে আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন।
তাঁর এই বক্তব্যের ভিডিও দুই দিন পর ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার নামে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কিছু মামলা হয়। আত্মগোপনে থাকা চাঁদকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।


