Homeমুল পাতাঅডিও ফাঁস : চবি ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

অডিও ফাঁস : চবি ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

নিজ গ্রুপের কর্মীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার নিজ গ্রুপ (সিএফসি) ও শাখা ছাত্রলীগের একাংশ।

সম্প্রতি চবি ছাত্রলীগ সভাপতির একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। রেকর্ডে রুবেলকে বলতে শোনা যায়, ‘তাকে (রমজান) বিভিন্ন মানুষ আয়ত্তে নিয়ে নিছে। …. মারতে হবে না নিজের …… নিজেই মারি ফেলবে। রমজাইন্নারে (শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও সিএফসির কর্মী) মারতে হইছে আমার? আমারে চিটাগাং ভার্সিটির সবাই ভয় পাইতো রে ভাই, ভয় পায়। তুই শুধু আমার পাশে থাক। বাকি কাজ অটো হয়ে যাবে। রমজাইন্নারে কোপ পড়ছে না? অনেক লাফাইছে না? লাফাইছে রমজান। ওই হিসেবে পড়ি গেছে না। সবকিছু মুখে বলতে হবে কেন? চুপ করে থাক না। আমারে দাঁড়াইতে দে। দেখবি অনেকে অনেক হিসাবের মধ্যে হয় পায়ে এসে পড়বে নয়তো নিজের মতো নিজের হিসাব মিলাই নিবে।’

কলরেকর্ড ফাঁস হওয়ার পর বুধবার (৭ জুন) রাতে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করেন ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তারা ‘রুবেল নিপাত যাক, চবি ছাত্রলীগ মুক্তি পাক’, ‘অবৈধ সভাপতি মানি না মানব না’, ‘নৈতিকতাহীন সভাপতি, মানি না মানব না’ স্লোগান দেন। পরে রুবেলের বিশ্ববিদ্যালয়ের আমানত হলের ৩১১ নম্বর কক্ষে ভাঙচুর করা হয়।

তবে ফাঁস হওয়া রেকর্ডের কথা নিজের নয় বলে দাবি চবি ছাত্রলীগ সভাপতির। তিনি বলেন, ‘আমি আমার বাবা-মাকে হজে পাঠানোর কাজে ব্যস্ত ছিলাম। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা সুপার এডিটেড। আমার বিভিন্ন কথাবার্তাকে কেটে এই অডিও রেকর্ড বানানো হয়েছে। মারামারি থেকে শুরু করে পুরো ঘটনা তারাই সাজিয়েছে।’

শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসি গ্রুপের নেতা সাদাফ খান বলেন, ‘রেকর্ডিংয়ে আমরা শুনেছি সে গর্ব করে বলছে, রমজানরে ফেলে দিয়েছে, কোপ খাইছে। যার কাছে নিজ গ্রুপের নেতাকর্মীর নিরাপত্তা নেই, তার কাছে অন্যান্য গ্রুপের নেতাকর্মীরা কীভাবে নিরাপদ থাকবে? তৃণমূল কর্মীদের দাবি মেয়াদোত্তীর্ণ ও বিতর্কিত কমিটি যাতে দ্রুত বিলুপ্ত করা হয়।’

তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। এটা তার বিষয়, আপনি তাকে জিজ্ঞেস করুন।’

এর আগে ১ জুন ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ চলাকালে শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রমজান হোসাইনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের কর্মীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়