প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বেড়েছে ভোটারের উপস্থিতি। নারী ভোটারের সংখ্যা দেখা গেছে বেশি।
সকালে নগরের নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। এ সময় সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, ভোটারদের লম্বা লাইনেই বোঝা যাচ্ছে ভোটার উপস্থিতি বেশ ভালো। বিগত নির্বাচনগুলোর মতো এ নির্বাচনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন রয়েছে। নির্বাচন মনিটরিংয়ের জন্য ১৫৬টি কেন্দ্রে এক হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
তিনি আরো বলেন, ভোট কেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্রগুলোতে ১৬-১৭ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭-১৮ জন পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছেন। পুলিশ এবং এপিবিএনের সমন্বয়ে আট ওয়ার্ডে আটটি মোবাইল ফোর্স রয়েছে। স্ট্রাইকিং ফোর্স রয়েছে চারটি, র্যাবের চারটি টিম রয়েছে, রয়েছে চার প্লাটুন বিজিবি।


