প্রাইম ভিশন ডেস্ক »
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে প্যান-ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। নাম ‘দরদ’। যার ঘোষণা বেশ কিছুদিন আগেই দিয়েছেন নির্মাতা মামুন। তবে শিল্পী নির্বাচনে রেখেছিলেন চমক। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে সামনে এলেন সুপারস্টার শাকিব।
গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপু, শাকিব, সোনালসহ মুম্বাইয়ের প্রযোজকরা।
সংবাদ সম্মেলনে নায়িকা সোনাল চৌহান বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় কাজ করছি। যতদূর জানি সিনেমাটিও প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে আমি খুব রোমাঞ্চিত। আশা করি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার এটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে।’
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। “দরদ” তেমনই একটি প্রজেক্ট।’
শাকিব খান বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি, এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি। ইন্ডিয়ার সঙ্গে এই নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার থেকেই সাইকো থ্রিলার গল্পের এই সিনেমার শুটিং শুরু হবে। আর এটি মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। ‘দরদ’ তৈরি হবে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক- এই ছয় ভাষায়। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।
শাকিব-সোনাল ছাড়াও ‘দরদ’ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম ও ভারতের রাহুল দেবসহ অনেকের অভিনয়ের কথা রয়েছে।


