প্রাইম ভিশন ডেস্ক »
দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের কাছে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবার সরাসরি ছাড়াও অনলাইনে মনোনয়ন ফরম কেনার সুযোগ রাখা হয়েছে।
গতকাল শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত হয়ে নিজের মনোনয়ন ফরম কিনবেন। এর মধ্য দিয়ে চার দিনব্যাপী দলের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রমের আনুষ্ঠানিকতাও শুরু হবে।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
মনোনয়নপ্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আগামী মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
এবার অনলাইনেও ফরম পূরণ ও জমা দেওয়া যাবে। এজন্য স্মার্ট নমিনেশন অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এ ছাড়া নোমিনেশন ডট এএলবিডি ডট ওআরজি ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।
অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর লগইন করে নিময় অনুযায়ী ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।
নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরে মতানৈক্যের মধ্যেই গত বুধবার সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের জন্য আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ ধার্য করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।
প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।
নির্বাচনের তফসিল ঘোষণাকে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। অন্যদিতে তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


