Homeমুল পাতাকখন আসছে শাকিবের দরদ

কখন আসছে শাকিবের দরদ

প্রাইম ভিশন ডেস্ক »

কথা ছিল— ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। আশায় বুক বেঁধেছিলেন শাকিবিয়ানরা। দরদ দিয়ে ‘দরদ’ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু দিন ঘনিয়ে আসতেই চাউর হয় নির্ধারিত দিনে প্রেক্ষাগৃহে আসছে না ছবিটি। ক্ষুব্ধ হন কিং খানের ভক্তরা।

তাদের থামাতে এগিয়ে আসেন ছবিটির নির্মাতা অনন্য মামুন। জানান, শাকিবিয়ানদের নিরাশ হওয়ার কিছু নেই। খালি হাতে ফিরতে হবে না তাদের। কেননা ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি বেলা সড়ে ১১টায় প্রকাশ পাবে ‘দরদ’-এর ফার্স্ট লুক। এতে শান্ত হন অনুরাগীরা।

আজ ১৪ ফেব্রুয়ারি দিনের শুরুতেই তাদের সুপারস্টারের ভক্তদের পাখির চোখ ছিল সামাজিক মাধ্যমে। তাদের অপেক্ষা ছিল প্রথম প্রেমের মতোই উত্তেজনাদায়ক। একটু পরপর সময় ঘড়ির দিকে নজর দিচ্ছিলেন সবাই।

ওদিকে শাকিবও আর দেরি করেননি। যথাসময়ে সামাজিক মাধ্যমে উপস্থিত হন ‘দরদ’-র প্রথম ঝলক নিয়ে। মুহূর্তেই ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেশ-বিদেশে যেখানে যে অবস্থায় যত শাকিবিয়ান আছেন সবাই এক যোগে দরদ দিয়ে চোখ রাখেন ‘দরদ’-এর ফার্স্ট লুকে।

শাকিবের ফেসবুক থেকে প্রকাশিত ‘দরদ’-এর ফার্স্ট লুকে এ এক অন্য কিং খান। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখি। চোখে জ্বলছে আগ্নেয়গিরি। যেন শত বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটাবেন এখনই।

এদিকে শাকিবের এমন লুক দেখে মুহূর্তেই মাতাল শাকিবিয়ানরা। ভালোবাসার দিনে মন্তব্যের ঘর তারা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়। কেউ লিখেছেন, শুভকজামনা। আবার কেউ লিখেছেন, জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও। আবার কেউ জানিয়েছেন, ছবিটি দেখতে মুখিয়ে আছেন, তর সইছে না তাদের।

অন্যদিকে নির্মাতা মামুন প্রথম ঝলক শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে, সে আসছে… সে আমাদের সুপারস্টার শাকিব খান।

জানা গেছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভভিনেত্রী সোনাল চৌহান। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়