প্রাইম ভিশন ডেস্ক »
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি নিয়ে বৃহস্পতিবার (৬ জুন) খসড়া প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যার রূপরেখা তৈরি করে প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সেখানে ভেটো ক্ষমতাসম্পন্ন রাশিয়া এবং চীন এই প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে।
শুক্রবার (৭ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কাউন্সিলের একমাত্র আরব সদস্য আলজেরিয়াও ইঙ্গিত দিয়েছে যে তাই এই প্রস্তাব সমর্থন করতে প্রস্তুত নয়।
একটি প্রস্তাব পাস করতে কমপক্ষে নয়টি ভোট প্রয়োজন হয় এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন বা রাশিয়ার ভেটো লাগে না।
এক সপ্তাহ আগে গাজা উপত্যকার জন্য একটি তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা তৈরি করেছিলেন বাইডেন, যা তিনি ইসরায়েলি উদ্যোগ বলে জানিয়েছিলেন।
যুদ্ধবিরতির এই পরিকল্পনা নিয়ে এখনও গবেষণা করছে হামাস। এজন্য আন্তর্জাতিক সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র।
সোমবার ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি এক পৃষ্ঠার খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে এবং বুধবার সেই প্রস্তাবের একটি সংশোধনী দেওয়া হয়েছে। এই দুইটিই দেখেছে রয়টার্স।
বর্তমান এই খসড়া যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানায়, যা ইসরায়েলের কাছে ‘গ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে; ‘হামাসকেও এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানায়। দেরি না করে ও কোনো শর্ত ছাড়াই উভয় পক্ষকে এটি সম্পূর্ণরূপে বাস্তবায়নের আহ্বান জানায়।’


