প্রাইম ভিশন ডেস্ক »
অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। কোনো ধরনের জরিমানা, ফিস বা নিষেধাজ্ঞা ছাড়াই আগামী দুই মাস দেশটিতে অবৈধভাবে বসবাসকারীরা বৈধ ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া কেউ দেশ ছেড়ে যেতে চাইলে তাও করতে পারবেন।
মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস আজ রোববার এই তথ্য জানিয়েছে।
রেসিডেন্স বা ভিজিট ভিসায় আমিরাতে প্রবেশ করে সে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যারা অবৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাদেরকে ‘সাধারণ ক্ষমার’ আওতায় ৩১ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার।
গত বুধবার (২৮ আগস্ট) আবুধাবিতে নাগরিকত্ব, জাতীয়তা, শুল্ক ও বন্দর নিরাপত্তার কেন্দ্রীয় কর্তৃপক্ষ (আইসিপি) এই সাধারণ ক্ষমা উদ্যোগের বিস্তারিত জানায়।
আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে সাধারণ ক্ষমা কার্যকরের এই প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিন সকাল থেকেই হাজারও অবৈধ বসবাসকারী এই সুবিধা নেওয়ার জন্য সরকার নির্ধারিত কেন্দ্রগুলোতে ভিড় করেন।
এই উদ্যোগের ফলে আইন লঙ্ঘণকারীরা বৈধ ভিসা নিতে পারবেন অথবা কোনো ধরনের নিষেধাজ্ঞা, জরিমানা বা এক্সিট ফিস না দিয়েই আমিরাত ছেড়ে চলে যেতে পারবেন।
এর আগে দুবাইভিত্তিক অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত পরিদপ্তর (জিডিআরএফএ) বৃহস্পতিবার জানায়, আবেদনকারীরা দুবাইর বিভিন্ন অংশে স্থাপিত ৮৬টি আমের সেন্টারে আজ থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন।
পাশাপাশি, আল আউইর শহরে অবস্থিত জিডিআরএফএ সেন্টারেও এই সেবা নেওয়া যাবে।


