প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলে লরির ধাক্কায় হুমায়ুন কবির নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছরা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের বন্ধু আকাশ ভূঁইয়া বলেন, ‘হুমায়ুন মিঠাছরা বাজারে সবজি ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় আজো সকালে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছরা বাজারে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে উঠার সময় চট্টগ্রামমুখী দ্রুত গতির একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘হুমায়ুন ছোট থেকে সবজি ব্যবসা শুরু করেন।
সবজি ব্যবসা করে পরিবারের হাল ধরেছেন। গত একমাস আগে তার একটি পুত্র সন্তান হয়েছে। বাবা ডাক শোনার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে গেল সে।’
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকারিয়া।
তিনি বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


