প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০৩ এর অধীনে ৬২ হাজার ১৫০ টন মার্কিন গম নিয়ে এমভি উবন নারি জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
জি টু জি-০৩ চুক্তির আওতায় এর আগে প্রথম শিপমেন্টে ৫৮ হাজার ৪৫৭ টন গম পৌঁছে দেশে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
বাংলাদেশ কয়েক ধাপে সরকার থেকে সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করছে। এর আগে জি টু জি-০১ ও ০২ চুক্তির আওতায় আমদানীকৃত গম দেশে পৌঁছেছে।
এখানে উল্লেখ্য জি টু জি-০১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি-০২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ টন মিলিয়ে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম দেশে এসেছে।
দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।


