প্রাইম ভিশন ডেস্ক »
নগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়ে ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করেছে র্যাব-৭।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অনুমোদনবিহীন বিএসটিআই লেভেলিং ব্যবহার করে বাজারজাত করার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আরেক অভিযানে দুইটি গুদাম থেকে ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এ অপরাধে গুদাম মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


