প্রাইম ভিশন ডেস্ক »
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা যেকোনো দিন হতে পারে। প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের পক্ষে এদিন সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে, ইনুর পক্ষে থাকা আইনজীবীরা তাকে খালাস দেওয়ার দাবি করেন।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় তার বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।


