প্রাইম ভিশন ডেস্ক »
নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।
বুধবার (২০ মে) সকালে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন পুলিশ সদস্য বুধবার সকাল ১১টায় মৃত্যুবরণ করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন কনস্টেবল কুদ্দুস।
সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক তাকে ধাক্কা দিলে সড়ক বিভাজকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


